Home এশিয়া পেসিফিক বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া, চট্টগ্রামে প্রতিনিধিদলের সফর

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া, চট্টগ্রামে প্রতিনিধিদলের সফর

241
0

বাংলাদেশের সঙ্গে বিশেষ করে খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, পুনর্ব্যবহারযোগ্য খাত এবং বৃত্তাকার অর্থনীতিতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার বেন কারসনের নেতৃত্বে একটি অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল সম্প্রতি চট্টগ্রাম সফর করেছে, যার লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ অন্বেষণ।

অস্ট্রেলিয়ান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে প্রতিনিধিদলটি খাদ্য প্রক্রিয়াকরণ, ডাল ও শস্য উৎপাদন সংশ্লিষ্ট খাতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি, পুনর্ব্যবহার এবং বৃত্তাকার অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখা কোম্পানিগুলোর সঙ্গেও আলোচনা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পাওয়া ইস্পাত প্রস্তুতকারক বিএসআরএম এবং রিসাইক্লিং খাতে সুপরিচিত পিএইচপি ফ্যামিলি।

এছাড়াও, প্রতিনিধিদলটি স্থানীয় অস্ট্রেলিয়ান কৃষিপণ্যের পরিবেশকদের সঙ্গে আলোচনা করে এবং ‘বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগরেন্স’ পরিদর্শন করে। এই প্রতিষ্ঠানটিতে অস্ট্রেলিয়ান কোম্পানি ‘দি প্রোডাক্ট মেকার্স (TPM)’ অস্ট্রেলিয়ার পণ্য ব্যবহার করে খাদ্য উপাদানে উদ্ভাবনমূলক কাজ চালিয়ে যাচ্ছে।

সফরের শেষ দিনে প্রতিনিধিদলটি চট্টগ্রাম কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নিহত নয়জন অস্ট্রেলিয়ান সেনা সমাহিত রয়েছেন।

এই সফর শুধু অর্থনৈতিক নয়, বরং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এসব খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এমন সহযোগিতা আরও বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here