প্রবাসে থেকেও ঈদের আনন্দ যেন কিছুতেই ম্লান হয় না। এই প্রমাণ মিলেছে সিডনির মিন্টোতে আয়োজিত এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনীতে। রোববার সন্ধ্যায় ‘ঈদ আনন্দ-আড্ডা’ শীর্ষক এ আয়োজনে মিলিত হন প্রায় ৫০০ প্রবাসী বাংলাদেশি, যা পরিণত হয় এক উষ্ণ উৎসব ও মিলনমেলায়।
নতুন ভেন্যু ‘মিন্টো কিচেন’-এ অনুষ্ঠিত এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—প্রবাসে সদ্য আগত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রজন্মকে ঈদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারিবারিক উষ্ণতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া পৌঁছে দিতে এ ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ।
ঈদ পুনর্মিলনীতে ছিল একসাথে ডিনারের ব্যবস্থা, যেখানে পরিবেশিত হয় কোরবানির মাংস, ঐতিহ্যবাহী মিষ্টি, জিলাপি, কোমল পানীয় এবং গরম চা। সবাই মেতে ওঠে গল্পে, আড্ডায়, সেলফিতে এবং প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনায়।
সন্ধ্যার পর লাইভ মিউজিক পরিবেশন করেন জনপ্রিয় প্রবাসী শিল্পীরা—রাসেল ইসলাম, তানভীর হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম এবং শুভ সাথী, যাঁদের গানে প্রাণ ফিরে পায় ঈদের এই প্রবাসী আয়োজন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ কমিউনিটি সাউথ ওয়েস্ট, মিন্টো কিচেন, মেজবান ইঙ্গেলবার্ন এবং প্রবাসের বিভিন্ন শুভানুধ্যায়ী।
আয়োজক কমিটির সদস্য মাসুদ পারভেজ বলেন, “প্রবাস জীবনের চাপ ও দূরত্ব ভুলে ঈদের এমন আয়োজন আমাদের একসঙ্গে আসার সুযোগ করে দেয়। আমরা চাই সবাই প্রবাসেও যেন নিজেদের একটি বড় পরিবারের অংশ হিসেবে অনুভব করেন।”
অনুষ্ঠনটির সফল আয়োজনে যাঁরা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন, তাঁদের মধ্যে ছিলেন:
ইব্রাহিম খালিল মাসুদ, মোহাম্মদ আনিসুল হক, মোহাম্মদ নূরুল মাসুদ, আজমি, ইয়াসির আহমেদ সবুজ, শামসুল আলম, মোহাম্মদ রেজাউল হাসান শপন, মনির দেওয়ান, মাহমুদ ইমন, তানভীর হাওলাদার, মামুন রেজা, আশরাফুল আলম রনি, রশিদ মাম্মা, মোহিবুল মুজিব, রেজা খান, মোহাম্মদ মোস্তফা হেলাল, আরিফুর রহমান, মইন সাব্বির, মাহমুদুল হাসান এবং মোহাম্মদ সামি আবদুল্লাহ আল মামুন।
এই আয়োজন ছিল শুধু একটি পুনর্মিলনী নয়, বরং প্রবাসেও বাংলা ঈদের আবেগ, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে নতুন করে উপলব্ধির এক অনন্য অভিজ্ঞতা—যা অংশগ্রহণকারীদের মনে গভীর ছাপ ফেলে গেছে।










