ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটনার প্রেক্ষিতে ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ১৩ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্ত করে।
জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ১৩টি আলাদা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমন গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) বিধি অনুযায়ী পলায়নকারীর অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তারা খোরপোষ ভাতা পাবেন বলে জানানো হয়।
এ সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রাজনৈতিক পক্ষপাতের অভিযোগের কারণে কর্মস্থলে যোগদান না করে পলাতক হন। সরকার তাদের কাজে যোগ দিতে বারবার আহ্বান জানালেও তারা সাড়া দেননি।
আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেষ পর্যন্ত ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।











