Home বাংলাদেশ জুলাইয়ের মধ্যে ‘জাতীয় সনদ’ প্রণয়নের প্রত্যাশা আলী রীয়াজের

জুলাইয়ের মধ্যে ‘জাতীয় সনদ’ প্রণয়নের প্রত্যাশা আলী রীয়াজের

196
0

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসের মধ্যেই ‘জাতীয় সনদ’ প্রস্তুত করার লক্ষ্য রয়েছে তাদের।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে সক্ষম হবো।”

এই আলোচনা পর্বে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বৈঠকের শুরুতে আলী রীয়াজ আরও বলেন, “আমাদের লক্ষ্য একই রয়েছে—আমরা একসঙ্গে বসে একটি সমঝোতার দিকে এগিয়ে যেতে চাই। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি উল্লেখ করেন, “আমরা আশাবাদী, আলোচনার ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। সব বিষয়ে একমত হওয়া না গেলেও আমরা চাই অন্তত প্রধান বিষয়ের ওপর একটা সমন্বিত অবস্থানে পৌঁছাতে।”

তার ভাষ্য, “সমস্ত বিষয়ে পূর্ণ ঐক্য নাও হতে পারে, তবে জাতির বৃহত্তর স্বার্থে মতপার্থক্য কিছুটা ছাড় দিয়ে হলেও আমরা যেন ঐকমত্যে পৌঁছাতে পারি।”

বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে।

এই ধাপে ১৭, ১৮ ও ১৯ জুন তিন দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলবে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here