নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের দুটি ফ্ল্যাট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০ কোটি টাকার শেয়ার জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএস এলাকায় ১৪৯২ ও ১৯৬০ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট এবং নাসা গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৬০ কোটি টাকার শেয়ার।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব ইসলাম এই সম্পত্তি জব্দ ও শেয়ার অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, নাসরিন ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্ত চলাকালে পাওয়া তথ্য অনুযায়ী, আসামি নাসরিন ইসলাম তার মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার রায় হওয়ার আগে এসব সম্পত্তি হস্তান্তর হলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি অনুযায়ী সম্পত্তি জব্দ ও শেয়ার অবরুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট দুটি ফ্ল্যাট জব্দ এবং শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেন।










