Home বাংলাদেশ “মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ নেই”—মাইলস্টোন দুর্ঘটনায় প্রেস সচিবের স্পষ্ট বার্তা

“মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ নেই”—মাইলস্টোন দুর্ঘটনায় প্রেস সচিবের স্পষ্ট বার্তা

385
0

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানি ও হতাহতের সংখ্যা নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর প্রেক্ষাপটে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “সরকারের মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ নেই।”

শফিকুল আলম লেখেন, “গতকাল মাইলস্টোন কলেজে গিয়ে দেখি চারপাশে শোক ও ক্ষোভে আচ্ছন্ন এক পরিবেশ। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। কেউ কেউ অভিযোগ করেছে—মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে। তাই বিভ্রান্তি দূর করতেই কলেজ ক্যাম্পাসেই ৯ ঘণ্টা অবস্থান করি।”

তিনি জানান, দুই উপদেষ্টার নির্দেশে কলেজ ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের সিদ্ধান্ত হয়েছে, যেখান থেকে প্রতিদিন আহত ও নিহতদের হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে এবং তা মিলিয়ে দেখা হবে কলেজের হাজিরা খাতার তথ্যের সঙ্গে। কন্ট্রোল রুমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শফিকুল আলম বলেন, “বাংলাদেশে মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব। নিখোঁজদের পরিবার নিজেরাই খোঁজ করেন, হাসপাতালে খোঁজ নেওয়া হয়, প্রশাসনও তথ্য দেয়। মাইলস্টোন কলেজও চাইলেই অনুপস্থিতদের শনাক্ত করতে পারবে হাজিরা রেকর্ড দেখে।”

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর পক্ষ থেকেও আহতদের অবস্থা নিয়ে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে।

শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে উপদেষ্টাদের মনোভাবের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা চাইলে আগেই চলে আসতে পারতাম। কিন্তু উপদেষ্টারা চেয়েছেন যেন কোনো বলপ্রয়োগ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। প্রয়োজনে তারা রাতে থাকার প্রস্তুতিও রেখেছিলেন। আমরা তখনই বিদায় নিই, যখন বুঝি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”

পোস্টের শেষে প্রেস সচিব লেখেন, “এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদের জাতির শহীদ। আসুন, সবাই মিলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও নিরাপদ করি, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।”

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের একটি শ্রেণিকক্ষে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৪ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই এখনো নিখোঁজ। ঘটনাটি নিয়ে দেশজুড়ে শোকের পাশাপাশি নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here