চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়া পরিচালনা করেছে দূতাবাস।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানে অবস্থানরত অন্যান্য ভারতীয় নাগরিকদের যারা নিজেরা যাতায়াতের ব্যবস্থা করতে পারেন, তাদের জরুরি পরিস্থিতির কারণে শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু ভারতীয় নাগরিককে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, উর্মিয়া শহর থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থী সোমবার সন্ধ্যায় আর্মেনিয়ার সীমান্তে পৌঁছান।
বর্তমানে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় সরাসরি বিমানে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। ফলে ভারতীয়দের আজারবাইজান, তুর্কমেনিস্তান বা আর্মেনিয়া সীমান্ত দিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানে ফেরত পাঠানো হচ্ছে।
এছাড়া তেহরান থেকে প্রায় ৬০০ জন শিক্ষার্থীকে কুম শহরে স্থানান্তর করা হয়েছে, যা আপাতত অপেক্ষাকৃত নিরাপদ বলে বিবেচিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ হাজার ভারতীয় ইরানে অবস্থান করছেন, যাদের মধ্যে প্রায় ৬ হাজার শিক্ষার্থী।
তেহরানে থাকা ভারতীয়দের প্রতি দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করা এবং তাদের অবস্থান ও যোগাযোগ নম্বর জানিয়ে রাখা অনুরোধ জানানো হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে সহায়তা দেওয়া সম্ভব হয়।










