শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের প্রথম ম্যাচে টপ অর্ডারের ভাঙনের পর চাপ সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, শান্ত ও মুশফিকের দৃঢ় জুটিতে।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই প্রথম ধাক্কা খায় টাইগাররা—শূন্য রানে ফিরেন ওপেনার এনামুল হক বিজয়। অফস্টাম্পের বাইরের ফার্নান্দোর বল ব্যাটে ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি।
এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক কিছুটা স্থিরতা আনার চেষ্টা করলেও সফল হননি। লঙ্কান স্পিনার থারিন্দুর দারুণ দুটি বলে ১৫তম ওভারে দুজনকেই সাজঘরে পাঠান। সাদমান করেন ১৪ রান, মুমিনুল ২৯।
তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম সেশনে তাঁদের ব্যাট থেকে আসে প্রায় ৯০ রান, যা দলকে দেয় গুরুত্বপূর্ণ ভিত্তি।
দ্বিতীয় সেশনে তাঁরা আরও নির্ভরতা এনে দেন, ব্যাটে-বলে সমতা রেখে খেলতে থাকেন—কোনো প্রকার ঝুঁকি ছাড়াই এগিয়ে নেন স্কোরবোর্ড। এক পর্যায়ে তারা ১০০ রানের জুটি গড়েন, এবং একই ওভারে দুজনেই তুলে নেন ফিফটি।
৪৮তম ওভারে প্রবাথ জয়সুরিয়ার দ্বিতীয় বলে এক রান নিয়ে শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি করেন এবং ঠিক পরের বলে মুশফিক পান নিজের ২৮তম ফিফটির দেখা, যা এসেছে দীর্ঘ ১৩ ইনিংস পর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৩ রান। শান্ত ব্যাট করছেন ৬১ রানে, মুশফিক অপরাজিত ৫৬ রানে। তাঁদের দৃঢ় জুটি বড় সংগ্রহের আশা জাগিয়েছে।
উল্লেখ্য, গলে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটা যতটা বাজে ছিল, শান্ত-মুশফিকের অভিজ্ঞতায় এখন তার ছন্দ পাল্টে আশাবাদী টাইগার শিবির।










