Home খেলা “দল গড়ারই সুযোগ ছিল না” — পাকিস্তান কোচিং নিয়ে খোলামেলা কারস্টেন

“দল গড়ারই সুযোগ ছিল না” — পাকিস্তান কোচিং নিয়ে খোলামেলা কারস্টেন

154
0

পাকিস্তান জাতীয় দলের সাদা বলের কোচ হিসেবে সংক্ষিপ্ত সময় কাটালেও সেই অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি কোচ গ্যারি কারস্টেন-এর জন্য। ‘উইজডেন ক্রিকেট পডকাস্ট’-এ দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়েছেন, দলের কোচ হয়েও তিনি দলের গঠন বা নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাস্তব প্রভাব রাখতে পারেননি।

কারস্টেন বলেন,

“খুব দ্রুতই বুঝে গিয়েছিলাম, এখানে আমার কিছু করার সুযোগ খুবই সীমিত। আমাকে জানানো হয়, এই দলটাই দেওয়া হয়েছে—এটা নিয়েই খেলাও। একজন কোচ হিসেবে এটা খুব হতাশাজনক, কারণ এতে নিজের পরিকল্পনা প্রয়োগের সুযোগ থাকে না।”

তিনি আরও বলেন,

“একটা ক্রিকেট দল পরিচালনার দায়িত্ব থাকা উচিত অভিজ্ঞ পেশাদারদের হাতে। কিন্তু যখন বাইরের বিভিন্ন চাপ—বিশেষ করে প্রভাবশালী মহল থেকে—এসে পড়ে, তখন কোচের পক্ষে নিজের নীতি ও পরিকল্পনা অনুসারে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।”

তবে হতাশার মাঝেও পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি কারস্টেনের ভালোবাসা ও শ্রদ্ধা স্পষ্ট। তিনি বলেন,

“আমি পাকিস্তানের ক্রিকেটারদের খুব পছন্দ করি। ওরা মেধাবী, ভদ্র, এবং ক্রিকেটের প্রতি দায়বদ্ধ। তবে ওরা সবসময় প্রবল চাপে থাকে। একটি হারে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে মানসিকভাবে সামলে ওঠা কঠিন হয়ে যায়।”

ভবিষ্যতে পাকিস্তানের কোচ হিসেবে আবারও কাজ করার ইচ্ছা প্রকাশ করে কারস্টেন বলেন,

“যদি আমাকে আগামীকালই ফেরার প্রস্তাব দেওয়া হয়, আমি যেতে রাজি। তবে আমি যাব শুধুই ক্রিকেটারদের জন্য, এবং তখনই, যখন উপযুক্ত ও পেশাদার পরিবেশ নিশ্চিত থাকবে।”

কারস্টেনের ভাষায়,

“আমি এখন আর অন্যদের এজেন্ডা নিয়ে কাজ করতে চাই না। আমি ক্রিকেট শেখাতে চাই, খেলোয়াড়দের পাশে থাকতে চাই—এটাই আমার লক্ষ্য।”

তিনি বিশ্বাস করেন, যদি একটি দলে প্রকৃত মেধা থাকে এবং বাইরের হস্তক্ষেপ না থাকে, তবে সেই দল নিশ্চিতভাবেই সাফল্য অর্জন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here