তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারাল এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ এবং পরীক্ষিত অভিভাবককে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, ছিলেন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়।
চলতি মাসে সরকার তাকে “রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি” হিসেবে স্বীকৃতি দেয়, যা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি।
প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও, তিনি জাতির কল্যাণে এক দৃঢ় নেতৃত্বের উদাহরণ হয়ে থাকবেন।
তিনি উল্লেখ করেন, বেগম জিয়ার নেতৃত্বেই স্বৈরাচার পতনের পথে যায়, এবং তারই উদ্যোগে চালু হয় মেয়েদের অবৈতনিক শিক্ষা, যা নারী শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনে।
অর্থনৈতিক সংস্কার, গণতন্ত্রের ভিত্তি নির্মাণ, এবং ক্ষমতার চূড়ায় থেকেও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি বারবার জনগণের আস্থাভাজন হয়েছেন।
ড. ইউনূস বলেন, দীর্ঘ রাজনৈতিক সাফল্যের কারণে তাকে নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। তার ওপর চালানো রাজনৈতিক প্রতিহিংসার পরিণতিতে দীর্ঘ কারাবাস তাকে ভুগতে হয়েছে।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশবাসীকে ধৈর্য ধারণ ও দোয়ার মাধ্যমে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানান।










