Home বিশ্ব গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩, শিশুরাও রয়েছে তালিকায়

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩, শিশুরাও রয়েছে তালিকায়

156
0

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

গত এক মাস ধরে চলমান অবরোধের মধ্যে ইসরায়েল গাজায় হামলা আরও জোরদার করেছে। এতে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় অঞ্চলে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৩ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

শনিবার সন্ধ্যায় দেইর আল-বালাহ এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে চারজন নিহত হন। সকালে গাজার সাবরা এলাকায় ত্লাইব পরিবারের পাঁচ সদস্য নিহত হন, যাদের মধ্যে তিনটি শিশু ও তাদের বাবা-মা ছিলেন।

পরিবারের আত্মীয় ওমর আবু আল-কাস বলেন, “তাঁবুতে ঘুমিয়ে থাকা অবস্থায় কোনো সতর্কতা ছাড়াই ইসরায়েলি বিমান তাদের ওপর বোমা ফেলে। তারা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন।”

গাজা শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় ছয়জন এবং শেখ রাদওয়ান এলাকায় আরও একজন নিহত হয়েছেন। সেখানে জাকুত পরিবারের অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় রাফাহ উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর গোলাবর্ষণে মোহাম্মদ সাঈদ আল-বারদাওয়িল নামে একজন নিহত হন এবং আল-মাওয়াসি এলাকায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হন।

গাজার বিভিন্ন এলাকায় এখনও উদ্ধারকাজ চলছে। তবে কিছু এলাকায় এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি বলে প্রকৃত হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here