Home এশিয়া পেসিফিক ট্রিপল-জিরো বিভ্রাটে আস্থা সংকটে অপটাস, বিশ্বাস ফেরাতে দেশজুড়ে নতুন প্রচারণা

ট্রিপল-জিরো বিভ্রাটে আস্থা সংকটে অপটাস, বিশ্বাস ফেরাতে দেশজুড়ে নতুন প্রচারণা

109
0

অস্ট্রেলিয়ার টেলিকম প্রতিষ্ঠান Optus জরুরি ট্রিপল-জিরো (000) সেবার ভয়াবহ বিভ্রাটের পর জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে দেশজুড়ে নতুন প্রচারণা শুরু করেছে। এই বিভ্রাটে একটি শিশুসহ দুইজনের মৃত্যুর ঘটনার পর প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

বিশ্বাস ফেরাতে অপটাস দেশটির বিভিন্ন সংবাদপত্রে পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করেছে। সেখানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা Stephen Rue একটি খোলামেলা ক্ষমাপ্রার্থনামূলক চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অপটাসের ট্রিপল-জিরো নেটওয়ার্ক বিভ্রাটের কারণে কিছু অস্ট্রেলিয়ান জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তিনি স্বীকার করেন, “এমন ঘটনা কখনোই ঘটার কথা নয়।”

এই ঘটনার পর অপটাস এখন অন্যান্য টেলিকম কোম্পানি, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান, শিল্পখাতের সংস্থা এবং সরকারের সঙ্গে সমন্বয় করে জরুরি কল নেটওয়ার্ক আরও শক্তিশালী করার কাজ করছে। বিষয়টি বর্তমানে অস্ট্রেলিয়ার সিনেট তদন্তের আওতায় রয়েছে।

এর আগেও ২০২৩ সালের জরুরি কল সেবা বিভ্রাটের ঘটনায় প্রায় ২ হাজার ১৪৫ জন ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২৪ সালে অপটাসকে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

নতুন এই প্রচারণার নাম দেওয়া হয়েছে “We’re On It”। অপটাস বলছে, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা, স্বচ্ছতা এবং বাস্তব পরিবর্তনের প্রতিশ্রুতি তুলে ধরা।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, অস্ট্রেলিয়ার অবকাঠামো বিশেষজ্ঞ ড. কেরি স্কটের পর্যালোচনার পর যে সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে, এই প্রচারণা তারই অংশ।

অপটাসের দাবি, তারা গ্রাহকসেবায় আরও মানবিক সহায়তা বাড়াচ্ছে, আঞ্চলিক এলাকায় ৫জি নেটওয়ার্ক উন্নত করছে, প্রতারণা প্রতিরোধে নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করছে এবং সেবার নির্ভরযোগ্যতা বাড়াতে কাজ করছে।

তবে ট্রিপল-জিরো বিভ্রাটই অপটাসের একমাত্র বিতর্ক নয়। ২০২৫ সালে প্রতিষ্ঠানটিকে অনৈতিক বিক্রয় আচরণের জন্য ফেডারেল কোর্ট ১০ কোটি ডলার জরিমানা করে। আদালত সেই আচরণকে “অত্যন্ত গুরুতর” এবং “লজ্জাজনক” বলে মন্তব্য করেছিল।

বিশ্লেষকদের মতে, একের পর এক কেলেঙ্কারির পর অপটাস এখন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং জনগণের বিশ্বাস পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here