সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকল ভোটারদের অনুরোধ করেছেন, “নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দিন।” তিনি আরও বলেন, “সবাইকে সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে সেনাপ্রধান বলেন, “আজ আমাদের জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর এ দিনটার অপেক্ষা করছিলাম। আজকে আলহামদুলিল্লাহ নির্বাচন হচ্ছে।”
তিনি আরও মন্তব্য করেন, “সকাল থেকেই সারাদেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ রয়েছে।”
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমি সকাল থেকেই খবর নিয়েছি, সারা বাংলাদেশে কোথায় কী ঘটছে এবং আমার কাছে যে খবর এসেছে, তা হলো নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।”
তিনি আরও বলেন, “এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার লোকজন যারা ভোট দিতে পারছেন না, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, যা তাদের ভোট দিতে উৎসাহিত করছে।”










