Home বিশ্ব যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়লো মার্কিন যুদ্ধবিমান

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়লো মার্কিন যুদ্ধবিমান

135
0

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের মধ্যেই পূর্ব ইংল্যান্ডের লেকেনহিথ ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান আকাশে উড়েছে।

এক আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা যায়, রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে অন্তত একটি এফ-৩৫ যুদ্ধবিমান আকাশে ওড়ে।

এর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাংকার বিমান, যা আকাশেই জ্বালানি সরবরাহ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজ একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প।

এর আগে সিবিএস জানিয়েছিল, ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ‘ফোর্দো’ পারমাণবিক স্থাপনাটি অন্যতম। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং ইরানের অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে পরিচিত।

এ নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। তবে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মতবিরোধ রয়েছে এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে বৈঠকটি চলে এক ঘণ্টা ২০ মিনিট। বৈঠক শেষে প্রেসিডেন্ট বা তার দপ্তর থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here