Home বাংলাদেশ National ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নামছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নামছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা

84
0

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫: কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। “প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ” নামে গঠিত যৌথ মোর্চার ব্যানারে আগামী ৮ নভেম্বর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

তিন দফা দাবি

শিক্ষকরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলনে নামছেন:
১. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ,
২. চাকরিতে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছেন। পূর্ববর্তী আন্দোলনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব পাঠায় অর্থমন্ত্রণালয়ে। কিন্তু অর্থমন্ত্রণালয় সেই প্রস্তাব বাস্তবায়ন না করে নবগঠিত পে-কমিশনে পাঠায়। দুই মাস পার হলেও কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষকরা পে-কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কমিশন জানায়, গ্রেড পরিবর্তনের বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে নয়, বরং সার্ভিস কমিশনের আওতাধীন।

এই অবস্থায় শিক্ষকরা আবারও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজপথে ফেরার ঘোষণা দেন।

শিক্ষক নেতাদের বক্তব্য

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন,

“বারবার আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বাস্তবায়ন করছে না। তাই আমরা বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামছি।”

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন,

“প্রাথমিকের ডিজি, সচিব ও উপদেষ্টা আন্তরিক থাকলেও অর্থমন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই কালক্ষেপণ করছে। এবার শিক্ষকরা আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবেন।”

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি জানান,

“শিক্ষকরা ৩য় শ্রেণির কর্মচারীর মর্যাদার অভিশাপ থেকে মুক্তি পেতে চান। ৮ নভেম্বরের কর্মসূচি সেই মুক্তির প্রতীক হবে।”

সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়নের সমন্বয়ক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন,

“নিয়োগ যোগ্যতা অনুযায়ীই আমরা ১০ম গ্রেড দাবি করছি। এর যৌক্তিকতা আমরা মন্ত্রণালয়ে একাধিকবার প্রমাণ করেছি।”

আরেক সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা বলেন,

“বারবার প্রতারিত হওয়ায় শিক্ষকরা এখন রাজপথে নামতে বাধ্য হয়েছেন। আমরা আশা করি, এবার কর্তৃপক্ষ শিক্ষকদের দাবির প্রতি আন্তরিক হবে।”

আগামী ৮ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচির মাধ্যমে নতুন করে শুরু হতে যাচ্ছে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আন্দোলন। শিক্ষক সংগঠনগুলো বলছে, এবার তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here