Home বিশ্ব ধনীদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করলো যুক্তরাষ্ট্র

ধনীদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করলো যুক্তরাষ্ট্র

133
0

বিশ্বের ধনী নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন এক অভিবাসন কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে এই বিশেষ ভিসা প্রোগ্রামটির ঘোষণা মঙ্গলবার (স্থানীয় সময়) প্রথমে ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেন। পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এর বিস্তারিত নিশ্চিত করেন।

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “যোগ্য ও যাচাইকৃত আগ্রহীদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার একটি সরাসরি পথ। এই ভিসা মার্কিন কোম্পানিগুলোকে তাদের প্রতিভাবান কর্মীদের ধরে রাখতে সহায়তা করবে।”

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের trumpcard.gov ওয়েবসাইটে গিয়ে “Apply Now” বোতামে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দিতে ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা। এই ফি গৃহীত হবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মাধ্যমে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে আবেদনকারীদের পরবর্তী ধাপে অংশ নিতে বলা হবে। এই ধাপে “গিফট” বা চাঁদা হিসেবে দিতে হবে আরও ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা)। এই অর্থকে ওয়েবসাইটে স্পষ্টভাবে ‘উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, ‘ট্রাম্প গোল্ড ভিসা’ কার্যত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মর্যাদার সমান। অর্থাৎ, এ ভিসার মাধ্যমে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার বৈধ অধিকার পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here