Home খেলা ছন্দ ফিরে পাওয়ার আগেই বড় ধাক্কা

ছন্দ ফিরে পাওয়ার আগেই বড় ধাক্কা

92
0

যখনই মনে হচ্ছিল নেইমার ধীরে ধীরে নিজের স্বরূপে ফিরছেন, ঠিক তখনই আবারও বাধা হয়ে দাঁড়াল ইনজুরি। ব্রাজিলিয়ান সুপারস্টার আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন। তাঁর ক্লাব সান্তোস নিশ্চিত করেছে, পোর্তো অ্যালেগ্রির বিপক্ষে রেলিগেশন এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে না।

মিরাসোলের বিপক্ষে গত ম্যাচটি নেইমারের জন্য ছিল নাটকীয়। ম্যাচে গোল করে ছিলেন দলের ত্রাতা, কিন্তু পরে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে হয়ে যান সমালোচিত। সেই ম্যাচেই বাম হাঁটুতে নতুন চোট পান তিনি।

ব্রাজিলের গণমাধ্যম বলছে, দুই বছর আগে যেই হাঁটুতে তাঁর অস্ত্রোপচার হয়েছিল, আবারও সেই জায়গাতেই ব্যথা অনুভব করছেন নেইমার। তাই মৌসুমজুড়ে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা ক্লাবের মেডিকেল টিম কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

সান্তোসে ফেরার পরও নেইমার এখনো তার স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি। ইনজুরি-ঝুঁকির কারণে মৌসুমে ইতোমধ্যে ২৪টি ম্যাচ মিস করেছেন তিনি। তার এই দীর্ঘ অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৭তম স্থানে থাকা সান্তোস রেলিগেশন জোনের ঠিক ওপরেই টিকে আছে।

লিগের এই শেষ ধাপে প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার লড়াই। তবে আশার কথা, ‘স্পোর্ট’-এর বিপক্ষে পরবর্তী ম্যাচে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে।

সান্তোসের প্রথম বিভাগে টিকে থাকা নির্ধারণ করবে নেইমারের ভবিষ্যৎ চুক্তি নবায়নের বিষয়টি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে জায়গা ফিরে পাওয়াও তার জন্য ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠছে। ২০২৩ সালে জাতীয় দলের হয়ে ইনজুরিতে পড়ার পর থেকে আর হলুদ জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি।

এদিকে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তির হাতে এখন আক্রমণভাগে রয়েছে প্রচুর প্রতিভা। ফলে জাতীয় দলে ফেরার লড়াইয়ে নেইমারের সময় ক্রমেই কমে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here