জুলাই বিপ্লবের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার এই অকাল প্রয়াণে আবেগাপ্লুত সাধারণ মানুষের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়রাও।
গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট ও ফুটবল মহলে নেমে আসে গভীর শোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃথক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করেছে।
জাতীয় দলের লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব তার ফেসবুক পেজে হাদির জানাজার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বল বীর চির উন্নত মম শির, সম্মান দেয়ার মালিক আল্লাহ।’
শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে একাধিক টুর্নামেন্ট। বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্টের ফাইনাল এবং বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনাল ও ফাইনাল পিছিয়ে দেওয়া হয়েছে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল করেছে, আর রাজশাহী ওয়ারিয়র্স তাদের নতুন জার্সি শহীদ হাদির নামে উৎসর্গ করেছে।
১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। আজ রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক দিবস।
হাদির আত্মত্যাগ কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, ক্রীড়া ও সংস্কৃতি জগতেও গভীর সম্মানের জায়গা করে নিয়েছে।










