Home এশিয়া পেসিফিক বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার সুসান রাইল

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার সুসান রাইল

187
0

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হোক — এই প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

বুধবার (১৮ জুন) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার উপস্থিত ছিলেন।

সুসান রাইল বলেন, ‘‘অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার। বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করতে পারায় আমরা আনন্দিত।’’

তিনি আরও জানান, নির্বাচনী ব্যবস্থায় সহযোগিতার অংশ হিসেবে সংস্কার কমিশনের পাঁচ কর্মকর্তাকে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়াও নির্বাচন কমিশনের ‘দ্য ব্যালট’ প্রকল্পে অস্ট্রেলিয়া সরাসরি ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার অনুদান দিচ্ছে।

এই প্রকল্পে জাতিসংঘ, ইউএনডিপি, ইউনেসকো ও ইউএন উইমেন যৌথভাবে কাজ করবে। নির্বাচনী স্বচ্ছতা, অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই প্রতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে এই প্রকল্প সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, নির্বাচন কমিশন গঠনের পরপরই তারা জাতিসংঘের কাছে কারিগরি সহায়তা চেয়েছিল। এরপর জাতিসংঘ একটি ‘নিড অ্যাসেসমেন্ট মিশন’ পাঠায়, যা জানুয়ারিতে এসে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রকল্পের রূপরেখা তৈরি করে।

এর ভিত্তিতে ‘দ্য ব্যালট প্রজেক্ট’ গড়ে ওঠে, যা সরকার রেকর্ড সময়ের মধ্যে অনুমোদন করেছে। বর্তমানে জাতিসংঘ, নির্বাচন কমিশন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ একসঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রকল্পটি সফল হলে এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন আয়োজনের পথে সহায়ক হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘‘প্রকল্পে মোট ১৮.৫৩ মিলিয়ন ডলারের অর্থায়নের পরিকল্পনা আছে। এর মধ্যে অস্ট্রেলিয়া ২ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচনের জন্য নির্ধারিত ১৬টি কম্পোনেন্টে এই অর্থ ব্যবহার হবে।’’

তিনি জানান, ভোটার নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে ইউএনডিপি ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, অফিস মেশিনসহ নানা যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করেছিল। তারই ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here