অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে টানা দ্বিতীয় মৌসুমে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্নে অনুষ্ঠিত বিদেশি ক্রিকেটারদের ড্রাফটে দ্বিতীয় ডাকেই বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস তাকে দলে টেনেছে।
ড্রাফট থেকে শুধু রিশাদই নন, হোবার্ট তাদের স্কোয়াডে যুক্ত করেছে ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকেও। আগের মৌসুমেও রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট। তবে তখন জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল সামনে থাকায় মাঠে নামা হয়নি তার। বিসিবি ৯ দিনের ছাড়পত্র দিলেও নানা জটিলতায় অস্ট্রেলিয়া যাওয়া হয়নি।
এবার আর শুধু সুযোগ নয়, পুরো মৌসুম খেলার জন্য নিজেকে প্রস্তুত রেখেই ড্রাফটে নাম লিখিয়েছেন প্রায় ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার। বিগ ব্যাশের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছিল, আসন্ন আসরে পুরো সময় খেলতে আগ্রহী রিশাদ। ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের ১৫তম আসরের সময় বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বলেই দেখা যাচ্ছে আইসিসির এফটিপি সূচিতে।
তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিপিএলের সূচি এগিয়ে আনা হতে পারে, ফলে বিপিএল ও বিগ ব্যাশের মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে রিশাদকে।
গত বছর সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পান রিশাদ। তবে ড্রাফট থেকে সরাসরি দলে নেওয়া প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়েন তিনি। সাকিব খেলেছিলেন বদলি হিসেবে—২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে দুটি ও ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেন তিনি।
রিশাদের বড় মঞ্চে উত্থান ঘটে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। এরপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পেলেও ভিসা জটিলতায় খেলতে পারেননি। পরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে বিদেশি লিগে অভিষেক হয় তার, যেখানে লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।
এবার বিগ ব্যাশে সুযোগ পেয়ে নতুন করে আশাবাদী রিশাদ। যদিও ড্রাফটে তার সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসানসহ আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার; তবে তারা কেউ দল পাননি।










