ঢাকা: রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেল ও আশপাশের এলাকায় অবৈধ দখল উচ্ছেদে সমন্বিত অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান এবং যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবকাঠামো অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। অভিযানে ডিএমটিসিএলের কর্মকর্তাদের পাশাপাশি এমআরটি পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেল ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখল, ভাসমান দোকান এবং অনুমোদনহীন স্থাপনার কারণে যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এসব অনিয়ম দূর করে যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাস্তার জায়গা দখল করে ব্যবসা পরিচালনা এবং মেট্রোরেল যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগে দুটি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে অবৈধ দখল ও নিয়ম লঙ্ঘন না করার নির্দেশ দিয়ে লিখিত নোটিশ প্রদান করা হয়েছে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ দখলমুক্ত হওয়ায় কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশপথ ও গ্রাউন্ড লেভেলে যাত্রী চলাচল এখন অনেক বেশি স্বাভাবিক ও নিরাপদ হয়েছে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, মেট্রোরেলের অবকাঠামো ও যাত্রীসেবার মান বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে স্টেশন এলাকায় কোনো ধরনের অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।











