ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় সভা-সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রধান বিচারপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ কিছু ভবনের সামনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জুন (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।
ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।










