ইসরায়েলি সেনাবাহিনী তেহরান অঞ্চলে নতুন হামলা চালানো শুরু করেছে বলে সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে। এই খবর দিয়েছে আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামলার একটি নতুন ধাপ শুরু হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
এর আগে ইরান এক ঘণ্টার ব্যবধানে দুই দফায় ইসরায়েলে হামলা চালায়। জানা গেছে, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যে আঘাত হেনেছে।
ইরান দুটি পর্যায়ে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ সময় বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।
এই হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি পার্কিং এলাকায় আগুন ধরে যায় এবং প্রায় ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ইসরায়েল হামলা শুরুর আগে তেহরানের ডিস্ট্রিক্ট এইটিন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।










