অবশেষে অপেক্ষার অবসান। ইংলিশ ক্লাব লিভারপুল থেকে রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দলে টেনেছে স্পেনের ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
রিয়াল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ জুন থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে ছয় বছরের চুক্তিতে খেলবেন ইংলিশ এই ডিফেন্ডার।
জাবি আলোনসোর অধীনে এই মৌসুমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের সঙ্গে যুক্ত হলেন আর্নল্ড। তিনি অংশ নিতে পারবেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপে। যদিও চুক্তির অর্থমূল্য বা রিলিজ ক্লজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে—তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১ বিলিয়ন ইউরো!
তবে এই চুক্তি সহজে সম্পন্ন হয়নি। লিভারপুলের সঙ্গে ৩০ জুন পর্যন্ত চুক্তি থাকায়, আর্নল্ডকে আগেভাগে ছাড়ানো নিয়ে দুই ক্লাবের মধ্যে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। কারণ রিয়াল চেয়েছিল, জুনের শুরু থেকেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন।
শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়, ফলে আগামী ১ জুন থেকে আর্নল্ড আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন এবং ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবেন।










