Home খেলা ফিফপ্রো বিশ্বকাপে দুপুরের ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে

ফিফপ্রো বিশ্বকাপে দুপুরের ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে

175
0

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ নিয়ে ফুটবলারদের স্বার্থরক্ষাকারী সংগঠন ‘ফিফপ্রো’ কিছু ভেন্যুতে ম্যাচ শুরুর সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই বিশ্বকাপে কিছু ভেন্যুতে দুপুর বা বিকেলে খেলা হলে ফুটবলারদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হবে।

‘ফিফপ্রো’-এর গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কানসাস সিটি, মায়ামি এবং মেক্সিকোর মন্তেরে শহরগুলোকে “চরম ঝুঁকিপূর্ণ” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলিতে দুপুরে খেলা মানে ফুটবলারদের তাপঘাত বা হিট স্ট্রোকের ঝুঁকিতে পড়া।

‘ফিফপ্রো’ এর মেডিকেল ডিরেক্টর ড. ভিনসেন্ট গাউটবার্জ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে, বিশেষ করে মায়ামি বা অরল্যান্ডোর মতো শহরগুলোতে গত কয়েক বছর ধরে তাপমাত্রা বিশ্লেষণ করে আমরা বলছি, দুপুরে খেলা ফুটবলারদের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি।”

এছাড়া, আটলান্টা, ডালাস এবং হিউস্টনের মতো শহরেও ঝুঁকি রয়েছে, তবে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ও রিট্র্যাক্টেবল ছাদ থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে বলে তারা মনে করছে।

এদিকে, চলতি বছরের ক্লাব বিশ্বকাপে গরমের প্রভাবও ফুটবলারদের ওপর পড়েছে। লস অ্যাঞ্জেলেসে দুপুর ১২টায় চেলসি বনাম এসপেরঁস এবং পিএসজি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচগুলোকে ‘ফিফপ্রো’ গ্রহণযোগ্য বলে মনে করেনি।

ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘ফিফপ্রো’ কিছু প্রস্তাব দিয়েছে, যেমন হাফটাইমের সময় ১৫ মিনিটের পরিবর্তে ২০ মিনিট করা, যাতে খেলোয়াড়রা শীতল হতে এবং পানি পান করতে পারেন। এছাড়া, প্রতি ম্যাচে দুটি নির্দিষ্ট ‘কুলিং ব্রেক’ পরিবর্তে আরও ঘন ঘন ছোট বিরতি দেওয়ার প্রস্তাবও এসেছে।

তবে, ‘ফিফপ্রো’ এর সাধারণ সম্পাদক অ্যালেক্স ফিলিপস বলেছেন, “আমাদের হাতে ফিফাকে বাধ্য করার ক্ষমতা নেই, আমরা শুধুমাত্র যুক্তি এবং নৈতিক চাপ প্রয়োগ করি। ক্লাব বিশ্বকাপে কিছু ক্ষেত্রে আমাদের সুপারিশ মেনেছে, তবে ম্যাচ শুরুর সময় নিয়ে তারা নমনীয় হয়নি।”

বিশ্বকাপের পূর্ণ সূচি ২০২৫ সালের ডিসেম্বরে ড্র অনুষ্ঠান শেষে চূড়ান্ত হবে, তবে তার আগেই ‘ফিফপ্রো’ আরও আলোচনা চালিয়ে যাবে। তাদের আশঙ্কা, বাণিজ্যিক স্বার্থ, টিভি সম্প্রচার এবং বৈশ্বিক দর্শকদের চাহিদার কারণে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি উপেক্ষিত হতে পারে।

‘ফিফপ্রো’ জোর দিয়ে বলেছে, বিশ্বকাপ সফল হতে হলে খেলোয়াড়দের নিরাপদ এবং সুস্থ থাকতে হবে, যা দুপুরের তীব্র গরমে সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here