Home খেলা বিশ্বচ্যাম্পিয়ন সিটিকে হারিয়ে আল-হিলালের ইতিহাস রচনা

বিশ্বচ্যাম্পিয়ন সিটিকে হারিয়ে আল-হিলালের ইতিহাস রচনা

180
0

ক্লাব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। তারা শেষ ষোলোতেই সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে ৪-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে হেরে যায়।

অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর গোলেই লেখা হয় ইতিহাস। পেপ গার্দিওলার দল গ্রুপ পর্বে সহজেই পাস করলেও, কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেনি মূলত তাদের এলোমেলো রক্ষণের কারণে। ম্যাচে তারা চারটি গোল খায়, যা তাদের মানের সঙ্গে একেবারেই বেমানান ছিল।

শুরুটা ভালোই করেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। টানা চতুর্থ ম্যাচে মাত্র ১০ মিনিটের মধ্যে এগিয়ে যায় সিটি। বার্নার্দো সিলভা ক্লোজ রেঞ্জ থেকে গোল করেন। তবে, আল-হিলালের খেলোয়াড়রা অভিযোগ তুলেছিলেন যে গোলের আগে রায়ান এইত-নুরির হাতে বল লেগেছিল।

প্রথমার্ধে সিটি আরও কিছু সুযোগ পেয়েছিল। সাভিনিও এবং গুন্ডোয়ানকে কাছ থেকে গোল করার সুযোগ দিতে না-দিয়েছিলেন আল-হিলালের গোলকিপার বুনো। পরে তিনি ভার্দিওলের হেডও দুর্দান্তভাবে সেভ করেন।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের গতি পাল্টে যায়। মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লেওনার্দো হেড করে আল-হিলালকে সমতায় ফেরান। এরপর ৫২ মিনিটে সাবেক বার্সেলোনা তারকা ম্যালকম এক দুর্দান্ত শটে গোল করে আল-হিলালকে এগিয়ে নেন।

কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি। তিন মিনিট পরেই হলান্ড কর্নার থেকে গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ৮৪ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির হেড পোস্টে লেগে ফেরত আসে, হলান্ডের ফিরতি শট অবিশ্বাস্যভাবে আল-হিলালের ডিফেন্ডার আলি লাজামি লাইন থেকে ক্লিয়ার করে দেন।

নির্ধারিত সময় শেষে খেলা অতিরিক্ত সময়ে চলে যায়। ৯৪ মিনিটে সাবেক চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি হেড করে আল-হিলালকে এগিয়ে দেন। তবে ১০১ মিনিটে সিটির বদলি খেলোয়াড় ফিল ফোডেন এক দারুণ অ্যাঙ্গেল থেকে ভলি করে গোল করে সমতা ফেরান।

শেষমেষ, ১১২ মিনিটে আবারও আল-হিলালের মার্কোস লেওনার্দো জ্বলে ওঠেন। ব্যাকপোস্টে পাওয়া সুযোগটি দুর্দান্তভাবে জালে জড়িয়ে দিয়ে আল-হিলালকে ঐতিহাসিক জয় এনে দেন। এই গোলের মাধ্যমে ম্যানচেস্টার সিটির বিদায় এবং আল-হিলালের এক স্মরণীয় অধ্যায় লেখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here