সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে তাকে এই পদে নির্বাচিত করা হয়। পরবর্তী বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।
একই সভায় সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান সংগঠক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।
আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একটি প্রজ্ঞাপন জারি করে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুযায়ী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রাতে এনএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফারুক আহমেদের পরিচালক পদে মনোনয়ন বাতিল করে।
প্রসঙ্গত, বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরের মধ্যে। ফলে চার মাসের মতো দায়িত্ব পালন করবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর তিনি ফেরত যেতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) তার পূর্বের চাকরিতে।
উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। খেলা ছাড়ার পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং টিমে। পরবর্তীতে দেশে ফিরে আবাহনীকে এনে দেন ঢাকা লিগের শিরোপা।










