Home খেলা সুপার কাপ জয়ে নায়কের ভূমিকায় নেরেস, সৌদিতে শিরোপা উৎসব নাপোলির

সুপার কাপ জয়ে নায়কের ভূমিকায় নেরেস, সৌদিতে শিরোপা উৎসব নাপোলির

191
0

সৌদি আরবের জেদ্দায় আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ইতালিয়ান সুপার কাপ ফাইনালে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সিরি-এ চ্যাম্পিয়ন নাপোলি। সোমবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে দলের জয়ের মূল কারিগর ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার দাভিদ নেরেস

প্রথমার্ধে দূর থেকে দুর্দান্ত এক কার্লিং শটে গোল করে নাপোলিকে এগিয়ে দেন নেরেস। বিরতির পর ফের নিজের নৈপুণ্য দেখান তিনি। বোলোনিয়ার গোলরক্ষক ফেদেরিকো রাভাগলিয়া একটি ব্যাক পাস নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ভুল করেন, সেই সুযোগ কাজে লাগিয়ে বল ছিনিয়ে নিয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন নেরেস।

এর আগে সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষেও একটি গোল করেছিলেন তিনি। ফলে পুরো টুর্নামেন্টে ৩টি গোল করে নাপোলির শিরোপা জয়ে বড় অবদান রাখলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এটি ছিল নাপোলির ইতিহাসে তৃতীয় ইতালিয়ান সুপার কাপ জয়—এর আগে ১৯৯০ এবং ২০১৪ সালে এই শিরোপা জিতেছিল দলটি।

শিরোপা জয়ে উচ্ছ্বসিত নাপোলি কোচ আন্তোনিও কন্তে বলেন,

“ছেলেরা প্রশংসার যোগ্য। তারা সমর্থকদের জন্য ট্রফি জেতার যে আকাঙ্ক্ষা দেখিয়েছে, তা আজ মাঠে স্পষ্ট ছিল। এখন বড়দিনের ছুটিতে আমরা নতুন এক ট্রফি নিয়ে উদযাপন করতে পারব।”

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইতালিয়ান সুপার কাপে মোট চারটি দল অংশ নেয়—সিরি-এ ও ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো। চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট সৌদি আরবে অনুষ্ঠিত হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here