Home খেলা ক্লাব বিশ্বকাপে রিয়ালের হোঁচট, দুর্দান্ত শুরু সিটি ও জুভেন্টাসের

ক্লাব বিশ্বকাপে রিয়ালের হোঁচট, দুর্দান্ত শুরু সিটি ও জুভেন্টাসের

169
0

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিতভাবে পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্প্যানিশ জায়ান্টরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬২ হাজার দর্শকের সামনে ম্যাচের শেষদিকে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ফেদেরিকো ভালভার্দের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনু। ফলে গ্রুপ ‘এইচ’-এ সমান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

রিয়ালের হয়ে গোল করেন তরুণ গঞ্জালো গার্সিয়া, যিনি অসুস্থ এমবাপ্পের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন। আল হিলালের হয়ে পেনাল্টি থেকে সমতায় ফেরান রুবেন নেভাস। এই ম্যাচ দিয়েই আল হিলালের কোচ হিসেবে অভিষেক হয় সিমোনে ইনজাগির। রিয়ালের নতুন সাইনিং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও ডিন হুইসেনও অভিষেক করেছেন।

সিটির জয়ে ফোডেন-ডকুর ঝলক

অন্যদিকে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘জি’-এর ম্যাচে মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে ম্যানচেস্টার সিটি।

প্রথমার্ধেই গোল করেন ফিল ফোডেন, পরে তার কর্নার থেকে হেডে দ্বিতীয় গোল করেন জেরেমি ডকু। গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও ৩৮ হাজার দর্শকের সামনে স্বস্তির জয় পায় পেপ গার্দিওলার দল।

তবে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির রিকো লুইস।

ট্রাম্পকে জার্সি উপহার দিয়ে দারুণ জয়ে জুভেন্টাস

ওয়াশিংটনে দিনের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইনকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় জুভেন্টাস।

ম্যাচের আগে হোয়াইট হাউসে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্লাবের জার্সি উপহার দেন জুভেন্টাসের প্রতিনিধিরা।

মাঠে আলো ছড়ান ধারে খেলতে আসা পিএসজির কোলো মুয়ানি ও পোর্তোর ফার্নান্দেস দা কনসিকাও, দুজনেই দুটি করে গোল করেন। অপর গোলটি করেন কেনান ইয়িলদিজ।

আরবি সালজবুর্গের জয়

গ্রুপ ‘এইচ’-এর অপর ম্যাচে মেক্সিকোর পাচুকাকে ২-১ গোলে হারিয়েছে আরবি সালজবুর্গ। তবে বাজ পড়ার কারণে ৯৭ মিনিটের দীর্ঘ বিরতির পর শেষ হয় এই ম্যাচটি।

এদিকে পরবর্তী ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। তাদের প্রতিপক্ষ ব্রাজিলের বোতাফোগো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here