ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চায়, তবে তাদের অবশ্যই ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনা থেকে সরে আসতে হবে। তিনি এই মন্তব্য বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানান।
তাখত-রাভানছি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা আলোচনায় ফিরে আসতে চায়। তবে, আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র এখনও তাদের হামলার পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট অবস্থান নিতে পারেনি। তিনি আরও বলেন, ১৩ জুন ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের পরপরই, যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘাতের মাঝে সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর বোমা হামলা চালায়।
তাখত-রাভানছি উল্লেখ করেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা রাখে এবং পরমাণু বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইরান পরমাণু গবেষণার জন্য ইউরেনিয়াম স্থাপনায় প্রবেশাধিকার পায়নি, তাই তাদেরকে নিজের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়েছে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমালোচনা করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে তাদের আক্রমণমূলক অবস্থান ঠিক নয় এবং তারা যদি যুক্তরাষ্ট্রকে সমালোচনার সাহস না পায় তবে চুপ থাকা উচিত, কারণ বিদেশি আগ্রাসনের যৌক্তিকতা খোঁজা একটি হাস্যকর বিষয়।
এছাড়াও, তাখত-রাভানছি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয় বলে মন্তব্য করেন এবং তিনি জানান, ইরান হামলার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে যুদ্ধ নয়, আলোচনা ও কূটনীতি চায়।











