Home বাংলাদেশ উদ্ভাবনী ভাবনা খুঁজতে ঢাবিতে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতা শুরু

উদ্ভাবনী ভাবনা খুঁজতে ঢাবিতে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতা শুরু

20
0

ঢাকা: দেশের তরুণ শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা বিকাশ এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশনের উদ্বোধন করা হয়েছে। ‘ক্রিয়েটিভ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ লিডারশিপ (সেল) সামিট–এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

ওএসএল বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাহমুদ ওসমান ইমাম।

আয়োজকরা জানান, বাংলাদেশ সরকার এবং Korea International Cooperation Agency (KOICA)-এর সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতায় বাস্তবায়িত ‘ক্রিয়েটিভ বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা।

এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা।

প্রাথমিকভাবে নির্বাচিত দলগুলোকে ৩২০ ঘণ্টাব্যাপী একটি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এই কর্মসূচিতে ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, মেন্টরিং, কারিগরি সহায়তা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের উদ্ভাবনী ধারণাকে সফল ও টেকসই উদ্যোগে রূপ দেওয়ার জন্য সহায়তা করা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরপর ২২ ও ২৩ জুলাই নির্বাচিত অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করবেন।

কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, ই-কমার্স এবং সৃজনশীল শিল্পসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা নিয়ে আবেদন করার জন্য শিক্ষার্থী ও অ্যালামনাইদের আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শুধু চাকরিপ্রত্যাশী নয়, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে তরুণদের গড়ে তোলাই বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে ওএসএল বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, গত এক দশকে বিভাগটি নেতৃত্ব বিকাশ, কৌশলগত ব্যবস্থাপনা, গবেষণা এবং উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here