Home বাংলাদেশ এআই দিয়ে ছবি বিকৃত, শোকজ হলেন বরিশাল পুলিশের এসআই

এআই দিয়ে ছবি বিকৃত, শোকজ হলেন বরিশাল পুলিশের এসআই

21
0

বরিশাল: মাদক মামলায় গ্রেপ্তার এক ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনা করার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপপরিদর্শক (এসআই) প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়েছেন। অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তির গায়ে থাকা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ডিজিটালভাবে পরিবর্তন করে ব্রাজিল দলের জার্সি দেখিয়ে সেই ছবি সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে বিএমপি তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত এসআই তানজিল আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয় এবং তাঁকে পুলিশ কমিশনারের মিডিয়া সেল ও সাংবাদিকদের জন্য পরিচালিত হোয়াটসঅ্যাপ গ্রুপের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই তানজিল আহমেদকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। তাঁর জবাব পর্যালোচনার পর বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নগরের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনিতে অভিযান চালিয়ে কাউনিয়া থানা-পুলিশ রাসেল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে ৮০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তিনি ওই এলাকার অন্যতম শীর্ষ মাদক কারবারি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ জানান, গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। পরে ছবি তোলার সময় প্রচলিত নিয়ম অনুযায়ী জার্সিটি উল্টো করে পরিয়ে তাঁর ছবি তোলা হয় এবং সেটি বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মিডিয়া সেলে দায়িত্ব পালনরত এসআই তানজিল আহমেদ পরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবিটি সম্পাদনা করেন। এতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিল দলের জার্সি যুক্ত করা হয়। পরবর্তীতে সেই সম্পাদিত ছবিই সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয় এবং সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। কয়েকজন সাংবাদিক বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আনলে তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে পরিবর্তিত ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি সংযুক্ত করে সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি পুনরায় পাঠানো হয়।

পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, প্রাথমিক তদন্তে এসআই তানজিল আহমেদ ছবি সম্পাদনার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর দাবি, ফুটবলপ্রেমীদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মাথায় রেখে কৌতূহলবশত তিনি এমনটি করেছিলেন। তবে কমিশনার স্পষ্টভাবে জানান, সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের ছবি বিকৃতি গুরুতর পেশাগত অসদাচরণ এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রকাশিত তথ্য ও ছবি অবশ্যই নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য হতে হবে। তদন্ত শেষে প্রাপ্ত ব্যাখ্যার ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here